আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনা সচল রেখেই যুদ্ধবিরতি বাতিলের ডাক ট্রাম্পের
ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে গত জুন মাসে হওয়া দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি এখন ‘শেষ’ হয়ে গেছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে রাজি হয়েছি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ!
চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে তিনটি কাতারি ও সৌদি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে। জবাবে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে শুক্রবার (১০ জুলাই) নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।
এর আগে টানা চার মাসের রক্তক্ষয়ী সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পর, গত মাসে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু চলতি সপ্তাহের হামলা ও পাল্টা হামলার ঘটনা সেই ভঙ্গুর যুদ্ধবিরতিকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করতে শুক্রবার কাতারের একটি মধ্যস্থতাকারী দল ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে যে দোহার মধ্যস্থতাকারীর ভূমিকা আরও জোরদার করতেই এই প্রতিনিধি দল ইরান সফর করছে।
সাম্প্রতিক এই উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক ট্যাঙ্কার চলাচল অনেকটাই শ্লথ হয়ে পড়েছে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহ পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে সম্পন্ন হতো। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান এই জলপথের ওপর অনেকাংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
গত মাসের অন্তর্বর্তী চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিয়েছিল এবং ইরান বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে ওয়াশিংটন পুনরায় ইরানের বিরুদ্ধে ট্যাঙ্কারে হামলার অভিযোগ এনে পাল্টা সামরিক ব্যবস্থা নেয়।
বিশ্লেষকদের মতে, ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও, আলোচনা টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই তারা এমন কৌশল অবলম্বন করছে।
এদিকে, ওয়াশিংটন জানিয়েছে যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখাই তাদের প্রধান লক্ষ্য এবং এই জলপথের ওপর ইরানের একক কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে তেহরান সতর্ক করে বলেছে, প্রণালীটি কেবল তাদের শর্ত সাপেক্ষেই খোলা থাকবে এবং যেকোনো মার্কিন হস্তক্ষেপের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। শুক্রবার জাতিসংঘের নৌসংস্থা হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব আরোপের এই ইরানি প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।
সংঘাতের এই আবহের মধ্যেই গত বৃহস্পতিবার ইরানে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে এক বিমান হামলায় খামেনি নিহত হন। শুক্রবার সূর্যাস্তের নামাজের পর কোয়ম শহরে তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে একটি শোকসভার আয়োজন করা হয়। তবে বাবার মৃত্যুর সময় আহত হওয়া মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি, যা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক ধরনের রহস্য ও ধোঁয়াশা তৈরি করেছে।
অন্যদিকে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং এর ফলে জ্বালানির আকাশচুম্বী মূল্যবৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। চলতি বছরের শেষের দিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অসন্তোষ ও উচ্চ গ্যাস বিলের কারণে রিপাবলিকান শিবিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে।
কমেন্ট