ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জ্বালানি পরিবহন রুট লক্ষ্য করে ইরান ও তার মিত্রদের অব্যাহত হামলায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনীও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, বুধবার (২২ জুলাই) সকালে জর্ডানের আল-আজরাক, বাহরাইনের শেখ ঈসা এবং কুয়েতের ক্যাম্প দোহায় মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি বাহিনী।
জর্ডানের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা ৬টি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪টি সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং বাকি ২টি জনমানবহীন এলাকায় পড়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, বাহরাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।
আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, কুয়েতের ক্যাম্প দোহায় প্রচুর আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে মার্কিন স্থলবাহিনীর গোলাবারুদ ও সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।
বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি আঞ্চলিক ডেটা সেন্টারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।
টানা ১১তম রাতের মতো যুক্তরাষ্ট্রের পালটা হামলা
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ৭৫ মিনিট ধরে বিমান হামলা চালিয়েছে তারা।
ইরানি গণমাধ্যমের মতে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের একটি বিদ্যুৎ সাবস্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। বুশেহর ও ইলাম প্রদেশে এসব হামলায় ৫০ জন সাধারণ নাগরিক নিহত এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে জানান ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যুদ্ধে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি তিনি আবারও ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন।
লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে অচলাবস্থা
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি পরিবহনের ওপর ব্লকেড বা নৌ-অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে সৌদি অপরিশোধিত তেলবাহী তিনটি ট্যাঙ্কার পথ পরিবর্তন করতে বাধ্য হয়।
হরমুজ প্রণালিতে চরম উত্তেজনার কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ফরাসি শিপিং প্রতিষ্ঠান ‘সিএমএ সিজিএম’ আগামী ১ আগস্ট থেকে কনটেইনার প্রতি ৬৫ থেকে ১৬৫ ডলার পর্যন্ত জরুরি সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯১ ডলার অতিক্রম করেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে।
চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন এখনো কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের জন্য প্রস্তুত, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। এদিকে, ইরান সরকার পাকিস্তানের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব খতিয়ে দেখছে বলে জানা গেছে।
কমেন্ট