আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।
দেইর আল-বালাহ শহরে রবিবার চালানো ওই হামলায় তারা নিহত হন।
নিহতরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাওয়ি এবং তার সহযোগী মেজর রামেজ আবু জারাইক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সেখানকার চিকিৎসাকর্মী ও হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ দিয়ে যাচ্ছিলেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
গত কয়েক মাসে ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর বহু সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তাদের অনেকেই হামাসের সশস্ত্র শাখার সদস্য ছিলেন এবং গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিলেন।
অন্যদিকে হামাসের দাবি, পুলিশ বাহিনী ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার উদ্দেশ্য গাজায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা। একই সঙ্গে এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।
কমেন্ট