গ্রিসকে ৩.৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল

গ্রিসকে ৩.৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল

ইসরাইল ও গ্রিস সোমবার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় গ্রিসের জন্য একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ইসরায়েল।

এথেন্স বৃহত্তর সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার সময় এই চুক্তি হলো। 
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের সঙ্গে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। একই সঙ্গে এটি ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিগুলোর একটি।

‘অ্যাকিলিস শিল্ড’ নামে এই প্রকল্পের আওতায় গ্রিসকে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল।

এর মধ্যে রয়েছে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের তৈরি ডেভিডস স্লিং ও স্পাইডার এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি বারাক এমএক্স ব্যবস্থা।
এ ছাড়া আকাশপথে নজরদারির জন্য এমএমআর মাল্টি-মিশন রাডার দেওয়া হবে। এসব রাডার তৈরি করবে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা সিস্টেমস।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, এই চুক্তি ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার প্রমাণ।


চলতি বছর ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল ডেভিডস স্লিং ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছিল। ফিনল্যান্ডের পর গ্রিস হবে এই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণকারী দ্বিতীয় দেশ।
সামরিক শক্তি বাড়াচ্ছে গ্রিস

প্রতিবেশী তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে গ্রিস তার প্রতিরক্ষা খাতে ন্যাটোর অনেক দেশের তুলনায় বেশি অর্থ ব্যয় করে। দেশটি তার মোট দেশজ উৎপাদনের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। গ্রিস ২০৩৬ সাল পর্যন্ত প্রায় ২৮ বিলিয়ন ইউরো ব্যয় করে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।


এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০টি পর্যন্ত এফ-৩৫ যুদ্ধবিমান এবং ফ্রান্স ও ইতালির কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে দেশটির। নতুন চুক্তির আওতায় ইসরায়েল গ্রিসকে একটি নতুন জাতীয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দেবে। রাফায়েল তৈরি করা এই ব্যবস্থা গ্রিসের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে পরিচালনা ও সমন্বয় করতে সাহায্য করবে।

এ ছাড়া আরো ২ কোটি ৬০ লাখ ইউরোর একটি চুক্তির আওতায় ইসরায়েল গ্রিসকে রাফায়েলের ড্রোন ডোম ব্যবস্থা দেবে। কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে এগুলো ব্যবহার করা হবে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও গ্রিসের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাও বাড়ানো হবে। এর আওতায় গ্রিসের স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তর করা হবে।

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা পরবর্তী

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা

কমেন্ট