জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবে তিন দিন হামলা বন্ধ করলেন পুতিন

জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবে তিন দিন হামলা বন্ধ করলেন পুতিন

ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের সফরের আগে কিয়েভে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


 
শনিবার ক্রেমলিন এ ঘোষণা দিয়ে জানায়, মধ্যরাত থেকে কিয়েভে তিন দিনের জন্য হামলা চালাবে না রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ট্রাম্পের বিশেষ দূতদের এই সফরকে কেন্দ্র করে দীর্ঘ চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক... শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

যুদ্ধবিরতির প্রস্তাব

এর আগে শুক্রবার রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না এবং রাশিয়াকেও এর প্রতিফলন ঘটাতে হবে। আলোচনার জন্য প্রয়োজনীয় সময় এবং এই মার্কিন সফরকে ঘিরে সংশ্লিষ্ট লজিস্টিক সমস্যাগুলো সমাধানের সময়টুকু রাশিয়াকে বিমান হামলা বন্ধ রাখতে হবে।’
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে দিনের বেলায় বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।


শুক্রবার রুশ একটি ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হানে। 
অন্যদিকে, ইউক্রেনও দূরপাল্লার হামলা চালিয়ে রাশিয়ার সামরিক স্থাপনা, তেল শোধনাগার ও ই-কমার্স কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা ও অর্থনীতিকে দুর্বল করা এবং যুদ্ধের প্রভাব সাধারণ রুশ নাগরিকদের কাছেও পৌঁছে দেওয়া।

দীর্ঘ চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দুই দেশের কাছে একটি শান্তি প্রস্তাব পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।


মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বলছে, শনিবার মস্কো সফরের পর রবিবার তাদের কিয়েভে যাওয়ার কথা রয়েছে।

এর আগে কিয়েভ সফরের বিষয়ে ট্রাম্প বলেন, তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দুজনই দারুণ দক্ষ আলোচক। তারা খুব ভালো কাজ করেছেন।

ইরানকে সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার পরবর্তী

ইরানকে সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার

কমেন্ট