জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইসরায়েলে ফিরে যান বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
চ্যানেল ১৩ জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের আলোচনার পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর দীর্ঘ না করার সুপারিশ করেন। এসব আলোচনার কয়েকটিতে নেতানিয়াহুও উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচনায় উপস্থাপিত গোয়েন্দা তথ্যের মধ্যে কিছু নির্দিষ্ট সতর্কবার্তা ছিল, যার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়। তবে ওই সতর্কবার্তাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন। একই দিনেই আবার ইসরায়েলে ফিরে যান।
প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের কারণে নিউইয়র্কে নেতানিয়াহুর সফর ঘিরে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। কারণ এর এক দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেন।
এর আগে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মার্কিন কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের তা কার্যকর করার আইনগত ক্ষমতা নেই বলেও তিনি স্বীকার করেন।
২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
কমেন্ট