বিক্ষোভে উত্তাল পাঞ্জাব, মিগ-২৩ ও ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা
ভারতের পাঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রবিবার ভোরে শুরু হওয়া বিক্ষোভে এক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন।
এ ছাড়াও একাধিক শিক্ষার্থীকে একটি সামরিক ট্যাংকের ওপরও দেখা যায়।
এ বিক্ষোভে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর করে এবং কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়। পরে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কও অবরোধ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে থাকা এক শিক্ষার্থীকে বাইরের এক ব্যক্তি ধর্ষণ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের পাশাপাশি কিছু স্থাপনা ও বস্তুতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
কয়েকটি দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা এনডিটিভিকে বলেন, পুলিশ ওই শিক্ষার্থীর বক্তব্য পেয়েছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার তদন্তে ফরেনসিক, সিসিটিভি ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে।
তিনি আরো জানান, অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিং।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্রীনিবাসে শুধু নারী কর্মী রাখাসহ শিক্ষার্থীদের আরো কিছু দাবি রয়েছে।
এদিকে এলপিইউর রেজিস্ট্রার মনিকা গুলাটি বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের গুজব বিশ্বাস বা ছড়িয়ে না দিয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে।
কমেন্ট