সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করছেন
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত ৯
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। বৃহস্পতিবার কুনার ও হেলমান্দ প্রদেশে চালানো ওই হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে পাকিস্তানের দাবি, হামলায় ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
গত তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও সংঘাত বেড়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের এই বিমান হামলা চালানো হয়।
তার দাবি, হামলায় সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এই হামলাকে আগ্রাসন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব নীতির লঙ্ঘন হিসেবে নিন্দা জানাই।’ তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। দুটি স্থানে থাকা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ওই আস্তানায় মজুত থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
গত মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্থাপনায় সশস্ত্র হামলায় ২৪ জন নিহত হন। ওই ঘটনার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে দুই দেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছিল।
মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া এই দুই দেশ ক্রমবর্ধমানভাবে মতবিরোধে জড়িয়েছে, যেখানে ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল সীমান্ত পেরিয়ে হামলা চালানো সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
ইসলামাবাদ গত পাক্ষিককালে আফগানিস্তানে একাধিক বিমান হামলা চালিয়েছে, যা তাদের দাবি অনুযায়ী সন্ত্রাসী শিবিরে আঘাত হেনেছে এবং তাদের হত্যা করেছে। কাবুল দাবি করেছে, এই হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, পাকিস্তান থেকে ইসলামিক স্টেটের একটি দল সীমান্ত অতিক্রম করার পর তাদের বাহিনী ২৮ জন যোদ্ধাকে হত্যা এবং ৩২ জনকে আহত করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
কমেন্ট