ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ৪ অভিযোগের ৩টিই প্রত্যাহার
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রত্যাহারের অনুমতি দিয়েছে দেশটির সিনেট। মঙ্গলবার অভিশংসন আদালত হিসেবে দায়িত্ব পালন করা সিনেট এ সিদ্ধান্ত নেয়।
এখন তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগটি বহাল থাকছে।
রয়টার্স জানায়, এই বিচারপ্রক্রিয়ার কারণে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুতার্তের প্রার্থী হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে।
জুলাই থেকে দুতার্তের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে আদালতে প্রমাণ তুলে ধরছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা । তার বিরুদ্ধে জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা, সংবিধান লঙ্ঘন, দুর্নীতি, ঘুষ এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
মঙ্গলবার প্রধান রাষ্ট্রপক্ষের আইনজীবী গারভিল লুইস্ত্রো আদালতকে বলেন, তারা চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রত্যাহার করতে চান। তার দাবি, দুতার্তেকে পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যে যে প্রমাণ তুলে ধরা হয়েছে, তা যথেষ্ট শক্তিশালী ও বিশ্বাসযোগ্য।
প্রত্যাহার করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে গোপন সরকারি তহবিলের অপব্যবহার, ঘুষ এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি ও পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক স্পিকারকে হুমকি দেওয়ার অভিযোগ।
লুইস্ত্রো বলেন, একটি অভিযোগের ওপর মনোযোগ দিলে বিচারপ্রক্রিয়া সহজ হবে।
এতে সিনেট, অভিযুক্ত ব্যক্তি এবং সাধারণ মানুষ—সবারই সুবিধা হবে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে সারা দুতার্তের দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
দুতার্তের আইনজীবী অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করেছেন। তার বক্তব্য, অভিযোগগুলো প্রত্যাহার করায় ওই বিষয়গুলোতে নিজেদের বক্তব্য ও প্রমাণ তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত হবে তাদের পক্ষ।
এর আগে অভিশংসন আদালত সিদ্ধান্ত দিয়েছিল, দুতার্তেকে দোষী সাব্যস্ত করার বিষয়ে ভোট দেওয়ার সময় শুধু বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে সক্ষম সিনেটরদেরই গণনায় ধরা হবে।
এতে তাকে দোষী সাব্যস্ত করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হতে পারে।
দোষী সাব্যস্ত হলে সারা দুতার্তে সরকারি পদে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হতে পারেন। সে ক্ষেত্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তার অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
কমেন্ট